সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে পারিবারিক কলহের জেরে হাতুড়িপেটায় জোনাকি (৩২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত স্বামী জসিম শেখ থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
রোববার (২ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত জোনাকি করফা গ্রামের ছিদ্দিক মীরের মেয়ে।
অভিযুক্ত জসিম শেখ একই গ্রামের মমরেজ শেখের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। রোববার দুপুরে জসিম স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে বাগবিতণ্ডায় জড়িয়ে একপর্যায়ে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। গুরুতর আহত জোনাকিকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।
স্থানীয়দের দাবি, জোনাকির বিরুদ্ধে আনা পরকীয়ার অভিযোগ ভিত্তিহীন। তাদের ভাষ্যমতে, জসিম মাদকাসক্ত ছিলেন এবং নেশার টাকার জন্য প্রায়ই স্ত্রীকে নির্যাতন করতেন।
তবে এ বিষয়ে পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনার পর অভিযুক্ত স্বামী থানায় এসে আত্মসমর্পণ করেছেন।
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ রকম আরো সংবাদ...