
চিত্রনায়ক সালমান শাহর কথিত হত্যা রহস্য উদঘাটনের লক্ষ্যে মৃত্যুর প্রায় ৩০ বছর পর কবর থেকে দেহাবশেষ তোলার যে অনুমতি দেওয়া হয়েছিল, তা বাতিল করেছেন আদালত।
মঙ্গলবার (২৩ জুন) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম লাশ উত্তোলনের আদেশ বাতিল চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এই আদেশ দেন।
তিনি বলেন, ‘বিষয়টি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবে। ৩০ বছর পর লাশ উত্তোলন করে কিছুই পাওয়া যাবে না। শুধু শুধু শাহজালাল (রহ:) এর মাজারে সংঘর্ষ সৃষ্টি হতে পারে। এজন্য আমরা এই লাশ উত্তোলনের আদেশের বিরুদ্ধে আবেদন করি। শুনানি শেষে আদালত এই আবেদন মঞ্জুর করেন।’
আবেদনে বলা হয়, বহুল আলোচিত চিত্রনায়ক সালমান শাহর মরদেহ শাহজালাল (রহ:)-এর মাজার প্রাঙ্গণে দাফন করা হয়েছিল এবং বর্তমানে সেখানেই কবরস্থ আছে। ভিকটিমের লাশ উত্তোলনের ক্ষেত্রে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হবে এবং ব্যাপক বাধার সৃষ্টি হতে পারে।
এছাড়া বারবার লাশ উত্তোলনে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং ব্যাপক বাধার সৃষ্টিসহ সংঘর্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে। বাদী মো.আলমগীর কুমকুম এবং মা নিলুফাজামান চৌধুরী ওরফ নীলা চৌধুরীর ব্যাপক আপত্তি রয়েছে। এজন্য আলোচিত চিত্রনায়ক সালমান শাহর মরদেহ (লাশ) উত্তোলনের আদেশ বাতিল করা একান্ত প্রয়োজন।