
গাজীপুরের কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর মজিদ মোড়লের (৬৫) মৃত্যু হয়েছে। গত শুক্রবার বিকালে উপজেলার জামালপুর কলাপট্টিতে নিহতের নিজ দোকানে এ ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত মজিদ মোড়ল কালীগঞ্জ উপজেলার জামালপুর (মধ্যপাড়া) গ্রামের মৃত আলতু মোড়লের ছেলে। জামালপুর বাজারের কলাপট্টিতে কলার দোকান দিয়ে কলার ব্যবসা করতেন। অভিযুক্ত মোজাম্মেল হোসেন একই উপজেলার উত্তর জামালপুর (সরকারপাড়া) গ্রামের মৃত নোয়াব আলী সরকারের ছেলে এবং নিহত মজিদ মোড়লের মেয়ের জামাই।
নিহতের ছেলে বিল্লাল হোসেন মোড়ল বলেন, মোজাম্মেল মাদকসেবী। সে তার স্ত্রী শাহানাজ বেগমকে প্রায়ই মারধর করত। স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে একাধিকবার শাহানাজ বাবার বাড়িতে চলে আসে। সম্প্রতি বেশ কিছুদিন ধরে সে বাবার বাড়িতেই ছিলেন। এসব নিয়ে বাবার (মজিদ মোড়ল) সাথে মোজাম্মেলের বিরোধ হয়।
নিহতের মেয়ে ও মোজাম্মেলের স্ত্রী শাহানাজ বেগম বলেন, বিকালে তার বাবা দোকানে ছিলেন। ওই সময় ট্রলি ব্যাগ নিয়ে দোকানে আসেন মোজাম্মেল। হঠাৎ ব্যাগ থেকে একটি কুড়াল বের করে বাবাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে বাবা মাটিতে পড়ে গেলে ট্রলি ব্যাগ রেখে মোজাম্মেল পালিয়ে যান। স্থানীয়রা গুরুতর আহত বাবাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ওসি জাকির হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হযেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।