
নারায়ণগঞ্জের ফতুল্লায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি গোডাউনের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় গোডাউনে চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে কুতুবাইল এলাকার প্যারাডাইস কেবলস লিমিটেডের বন্ধ গোডাউন থেকে লাশটি উদ্ধার করা হয়।
খবর পেয়ে ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পরে গোডাউনের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির গলিত লাশ উদ্ধার করা হয়। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনি প্রক্রিয়া শুরু করে।
নিহতের পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)-এর ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে কাজ করেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১০ থেকে ১৫ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এটি হত্যাকাণ্ড কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।