• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
মাত্র তিন হাজার টাকায় ভাড়াটে খুনি দিয়ে বড় ভাইকে হত্যা: পুলিশ রংপুরে ৪ হত্যাকাণ্ডে অভিযুক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দেন বাবা যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তৃতীয় জানাজা শেষে সাংবাদিক মিরাজের দাফন সম্পন্ন : শোকে স্তব্দ মিডিয়াপাড়া বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, কারণ জানালেন চিকিৎসক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ও ক্লাশ শুরুর তারিখ জানা গেল জাতীয় পার্টির কো-চেয়ারম্যান হলেন সুনীল শুভ রায় পোষা বিড়ালের মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসককে মারধর, গ্রেফতার ১ নেশাগ্রস্থ নাতিকে টাকা ধার না দিতে মাইকিং করে সতর্ক করলেন দাদা

পোষা বিড়ালের মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসককে মারধর, গ্রেফতার ১

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

পোষা বিড়ালের মৃত্যুকে কেন্দ্র করে ময়মনসিংহ নগরের একটি পশু চিকিৎসাকেন্দ্রে ঢুকে এক চিকিৎসককে মারধর, চিকিৎসাকেন্দ্র ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আফরিন রশিদ সেঁজুতিকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনায় ভুক্তভোগী চিকিৎসক মো. আশিকুর রহমান কোতোয়ালী মডেল থানায় অভিযোগ করেন। পরে পুলিশ তদন্ত করে রোববার (২৩ আগস্ট) অভিযোগটি মামলা হিসেবে এফআইআরভুক্ত করে।

চিকিৎসক আশিকুর রহমানের অভিযোগ, পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় তার ওপর হামলা চালানো হয়েছে। গত শুক্রবার রাত ৮টার দিকে নগরীর জিলা স্কুলের পেছনের গলিতে অবস্থিত ‘ডক্টরস পেট কেয়ার সেন্টারে’ এ ঘটনা ঘটে। পরে চিকিৎসাকেন্দ্রে হামলা, চিকিৎসককে মারধর ও ভাঙচুরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক নারী কয়েকজনকে সঙ্গে নিয়ে চিকিৎসাকেন্দ্রে ঢুকে জুতা খুলে চিকিৎসককে মারধর করছেন। পাশে থাকা নগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহাজুর রহমান ঘটনাটি মোবাইলে ধারণ করেন। একপর্যায়ে তিনিও চিকিৎসকের ওপর চড়াও হয়ে কিল-ঘুষি মারেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় শনিবার (২২ আগস্ট) বিকালে কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ করেন মো. আশিকুর রহমান। অভিযোগে হামলায় জড়িত মহানগর ছাত্রদল নেতা তালহাজুর রহমান প্রতীক, আফরিন রশিদ সেঁজুতি ও সাকিবসহ অজ্ঞাতনামা আরও ৪৫ জনকে আসামি করা হয়।

অভিযোগে বলা হয়, অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে আশিকুর রহমানের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। গত শুক্রবার সন্ধ্যায় তারা চিকিৎসাকেন্দ্রে ঢুকে চাঁদার জন্য চাপ দেন। এতে প্রতিবাদ করলে সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে তাকে জুতা ও লোহার রড দিয়ে মারধর করা হয়।

এ সময় তাকে বাঁচাতে চিকিৎসাকেন্দ্রের কর্মী ঈশান আহমেদ, ঈশানের স্ত্রী তাওহিয়া আক্তার এবং চিকিৎসকের স্ত্রী সাজনিন তাসনিন সিদ্দিকী এগিয়ে এলে তাদেরও মারধর ও টানাহেঁচড়া করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলার পর চিকিৎসাকেন্দ্রের ক্যাশ বাক্স থেকে ৩ লাখ ২০ হাজার ১৫০ টাকা নিয়ে যাওয়া হয়। এ ছাড়া চিকিৎসাকেন্দ্রের বিভিন্ন মালামাল ভাঙচুর করে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি করা হয়েছে।

আশিকুর রহমান বলেন, হামলার পেছনে চাঁদা দাবির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত বিরোধ এবং এক বছর আগের একটি ঘটনা রয়েছে। তার দাবি, আফরিন রশিদ সেঁজুতি নামের ওই নারী একটি বিড়ালের মৃত বাচ্চার প্রসবকে কেন্দ্র করে তার ওপর ক্ষুব্ধ ছিলেন। এ ছাড়া ফেসবুকে অপর এক প্রাণী চিকিৎসককে নিয়ে লেখালেখির পেছনে তার হাত রয়েছে—এমন ভুল ধারণা থেকেও হামলা হয়ে থাকতে পারে বলে তিনি মনে করেন।

তবে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠা সাকিবুল হাসান বলেন, গত ১৭ আগস্ট একটি গর্ভবতী পারশিয়ান বিড়াল পরীক্ষার জন্য কেওয়াটখালী ভেটেরিনারি চিকিৎসক আব্দুল হান্নানের কাছে রেখে যান সেঁজুতি। সেখানে বিড়ালটি মারা গেলেও বিষয়টি তাদের জানানো হয়নি। ১৮ আগস্ট বিড়ালটির খোঁজ নিতে ফোন করলে তারা মৃত্যুর বিষয়টি জানান।

সাকিবুল হাসানের দাবি, বিড়ালের মৃত্যুকে কেন্দ্র করে ফেসবুকে লেখালেখি হলে ‘পেট কেয়ার’-এর আশিকুর রহমান একটি ফেক ফেসবুক আইডি থেকে সেঁজুতিকে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এর জেরেই এ ঘটনা ঘটেছে।

কোতোয়ালী মডেল থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, আমরা অভিযোগ পেয়েছি, মামলাও হয়েছে। সেঁজুতি নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে কাজ চলছে। একজন চিকিৎসকের চেম্বারে গিয়ে এভাবে মারধর করা কোনোভাবেই কাম্য নয়।

এদিকে হামলার সিসিটিভি ফুটেজ দেখে ঘটনায় জড়িত থাকার অভিযোগে মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহাজুর রহমান প্রতীককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, ‘ডক্টরস পেট কেয়ার’ নামের ওই চিকিৎসাকেন্দ্রে পোষা প্রাণীর চিকিৎসার পাশাপাশি বিভিন্ন আনুষঙ্গিক উপকরণ বিক্রি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...