• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম

পটুয়াখালীর চাঞ্চল্যকর রবিন চন্দ্র হত্যা মামলার আসামী রিপন চন্দ্র গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০ জুন, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...
র‌্যাব-৮ এর অভিযানে পটুয়াখালীর চাঞ্চল্যকর রবিন চন্দ্র হত্যা মামলার আসামী রিপন চন্দ্র গ্রেফতার হয়েছে। শনিবার (২০ জুন) ভোর রাতে গাজীপুর জেলার কাশিমপুর থানা এলাকায় থেকে তাকে আটক করা হয়। র‌্যাব-৮ এর বরিশাল সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
র‌্যাব-৮ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান জানান, গত ০৩ জুন পটুয়াখালির বাউফল থানাধীন কালাইয়া ইউপির ৩নং ওয়ার্ড এলাকার রতন চন্দ্র বেপারী ও রিপন চন্দ্র বেপারীসহ কয়েকজন তুচ্ছ ঘটনার জেরে ধারালো অস্ত্র দিয়ে একই এলাকার রবিন চন্দ্র হাওলাদারকে (৫৫) হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে। এতে সে গুরুতর রক্তাক্ত জখম হয়।
ঘটনাস্থলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। আহতকে গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মৃতের ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। নির্মম এই হত্যাকান্ডের পর থেকেই র‌্যাব-৮ ঘটনার ছায়া তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্প এবং র‌্যাব-১ গাজীপুর এর যৌথ আভিযানিক দল ২০ জুন ভোর রাতে গাজীপুর জেলার কাশিমপুর থানা এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক অভিযুক্ত রিপন চন্দ্র বেপারীকে (৩৮) আটক করে। আটক রিপন বাউফল থানার কালাইয়া গ্রামের সুবল চন্দ্র বেপারীর ছেলে। গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য গাজীপুর জেলার কাশিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৮ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...