• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

তুচ্ছ ঘটনার জেরে এক নারীকে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

কিশোরগঞ্জের ভৈরবে লিলি বেগম নামে এক নারীকে প্রতিবেশীরা পিটিয়ে হত্যা করেছে। গত শুক্রবার বিকেলে পৌর শহরের জগন্নাথপুর দক্ষিণপাড়া গাইনহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

ষাটোর্ধ্ব লিলি বেগম বাড়ির উঠান ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় প্রতিবেশী জাহাঙ্গীর মিয়ার ১০ বছর বয়সী ছেলে আলিফ সাইকেল চালাচ্ছিল। লিলি বেগমের শরীরে সাইকেলের ধাক্কা লাগলে জাহাঙ্গীর মিয়া ও তাঁর স্ত্রী লিমা বেগমের সঙ্গে এ নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। এক পর্যায়ে লিলিকে মারধর করতে থাকেন জাহাঙ্গীর ও লিমা। বাঁশ ও ইটের আঘাতে অচেতন হয়ে পড়েন লিলি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর জাহাঙ্গীর ও তাঁর পরিবার সদস্যরা বাড়িতে তালা লাগিয়ে পালিয়ে গেছেন।

ময়নাতদন্তের জন্য লিলি বেগমের মরদেহ শনিবার সকালে কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে ভৈরব থানা পুলিশ। প্রতিবেশী বকুল বেগম ও বেদেনা বেগম বলেন, লিলি ও তাঁর সন্তানরা নিরীহ প্রকৃতির। প্রায় সময় জাহাঙ্গীরের পরিবারের সঙ্গে লিলির বাগ্‌বিতণ্ডা হতো। বাঁশ দিয়ে পিটিয়ে ও ইট দিয়ে আঘাত করে লিলিকে হত্যা করা হয়েছে। তারা আরও বলেন, লিলি বেগমের স্বামী মারা গেছেন। তাদের দুই মেয়ে ও এক ছেলে আছে। ছেলেটি প্রতিবন্ধী। লিলি বেগম অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন।

লিলির মেয়ে সৌরভী বলেন, ‘আমার মাকে জাহাঙ্গীর ও তাঁর স্ত্রী পিটিয়ে হত্যা করেছে। আমরা অসহায় হয়ে পড়েছি। জাহাঙ্গীরের ফাঁসি চাই।’

ভৈরব থানার ওসি লিমন বোস বলেন, ঘটনার পর অভিযুক্তরা বাড়িঘর তালাবদ্ধ করে পালিয়ে গেছে। লিলি বেগমের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...