
সন্তানের কাছে আশ্রয় ও ভরণপোষণ না পাওয়া পাবনার সাঁথিয়া উপজেলার সেই অসহায় মা মুন্নি খাতুনের পাশে দাঁড়িয়েছেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. আহমেদ মোস্তফা নোমান। ওই মায়ের ভরণপোষণ ও চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে মুন্নি খাতুনকে আর্থিক সহায়তাও দিয়েছেন।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যার দিকে সাঁথিয়া পৌরসদরে মুন্নি খাতুনের বোনের বাড়িতে গিয়ে তার ভরণপোষণ ও চিকিৎসার দায়িত্ব নেওয়ার কথা জানান ডা. আহমেদ মোস্তফা নোমান। তিনি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পাবনা জেলা শাখার সদস্যসচিব চিকিৎসকের দায়িত্ব পালন করছেন।
এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে মা ও ছেলের ভরণপোষণ-সংক্রান্ত শুনানির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে মায়ের দায়িত্ব নিতে ছেলের অনীহার বিষয়টি উঠে এলে তা অনেকের দৃষ্টি আকর্ষণ করে। ভিডিওটি দেখে আবেগাপ্লুত হয়ে অসহায় ওই মায়ের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বলে জানান আহমেদ মোস্তফা নোমা
স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্নি খাতুনের ছেলে সাগর হোসেন পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়ন পরিষদে গ্রামপুলিশ হিসেবে কর্মরত। মায়ের ভরণপোষণ ও আশ্রয়ের বিষয়টি নিয়ে সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শুনানি হয়।
শুনানিতে ইউএনও সেলিম আহমেদ ছেলেকে মায়ের সঙ্গে থাকার জন্য বারবার বোঝানোর চেষ্টা করেন। তবে মাকে নিজের সঙ্গে রাখতে রাজি হননি সাগর। একপর্যায়ে তিনি বলেন, ‘মাকে আমার সঙ্গে দিলে আমি সুইসাইড করব। তাও আমার মাকে সঙ্গে নিতে পারব না। স্যার, আপনি বলে দেন, আমি মাকে মাসে কত টাকা দেব?’ এ সময় ইউএনও সেলিম আহমেদ বিষয়টি সমাধানের জন্য সাগরকে কয়েক দিন সময় বেঁধে দেন বলে জানা গেছে।
বিএনপি নেতা আহমেদ মোস্তফা নোমান বলেন, অসহায় এই মায়ের দুর্দশার কথা পত্রপত্রিকায় দেখার পর নিজেকে আর ঠিক রাখতে পারিনি। একজন মা জীবনের শেষ সময়ে এসে এমন অসহায় অবস্থায় থাকবেন, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই তার পাশে দাঁড়ানোর তাগিদ থেকেই ছুটে এসেছি। আমি মনে করি, মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক ও মানবিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই মুন্নি খাতুনের ভরণপোষণের দায়িত্ব নিয়েছি। যতদিন প্রয়োজন, সামর্থ্য অনুযায়ী তার পাশে থাকার চেষ্টা করব। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদেরও এ ধরনের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।