
দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চার বিভাগের ১৭টি জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত হবে কি না, তা নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
তবে পরীক্ষা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও পরীক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে তাদের বিকল্প প্রস্তুতি রয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ডের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু বলেন, পরীক্ষা গ্রহণের জন্য বোর্ডের বিশেষ ব্যবস্থা ও প্রস্তুতি রয়েছে। তবে পরীক্ষা স্থগিত বা অন্য কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়, মন্ত্রী এবং আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রস্তুত রাখা হয়েছে ।
সিলেট ও ময়মনসিংহ অঞ্চলেও কয়েকটি নদীর পানি দ্রুত বাড়ছে। সুরমা, কুশিয়ারা, মনু, ধলাই, খোয়াই, কংস ও সোমেশ্বরী নদীর পানি বেড়ে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহের কিছু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।
এছাড়া রংপুর বিভাগের তিস্তা নদীর পানি আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে। এর ফলে নীলফামারী ও লালমনিরহাটের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা-পদ্মা নদীর পানি বর্তমানে কমলেও আগামী কয়েক দিনে তা আবার বাড়তে পারে। তবে আপাতত এসব নদীর পানি বিপৎসীমার নিচে থাকার সম্ভাবনা রয়েছে।