• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

বিয়ের আগের রাতে বিদেশি মদসহ গ্রেপ্তার বর

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিয়ের আগের রাতে এক বোতল বিদেশি মদসহ মো. সাদিকুল ইসলাম শুভ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) তাঁর বিয়ের দিন ধার্য ছিল। তবে বিয়ের আগেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের আমগাঁও ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আমগাঁও ব্রিজ এলাকায় অভিযান চালায় সোনারগাঁ থানা-পুলিশ। এ সময় সন্দেহভাজন হিসেবে সাদিকুল ইসলামের গতিরোধ করে তল্লাশি চালানো হলে তাঁর কাছ থেকে এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে তাঁকে আটক করে থানায় নেওয়া হয়।

গ্রেপ্তার সাদিকুল ইসলাম শুভ জামপুর ইউনিয়নের সিংলাবো গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। শুক্রবার রূপগঞ্জের কান্দাপাড়া গ্রামে তাঁর বিয়ের আয়োজন ছিল।

এদিকে, গ্রেপ্তার যুবকের বাবা মো. নজরুল ইসলাম দাবি করেছেন, গায়ে হলুদের অনুষ্ঠানে আনন্দ-ফুর্তির জন্য ছেলের কয়েকজন বন্ধু মদ আনতে বলেছিলেন। তাঁদের অনুরোধে এক বোতল বিদেশি মদ নিয়ে আসার পথে পুলিশ তাঁর ছেলেকে আটক করে। মদ আনার বিষয়ে পরিবারের কেউ অবগত ছিলেন না বলেও দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, ষড়যন্ত্র করে ছেলেকে ফাঁসানো হয়েছে।

নজরুল ইসলাম জামপুর ইউনিয়ন বিএনপির সহ-প্রচার সম্পাদক।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, আইন নিজস্ব গতিতে চলবে। অপরাধীর রাজনৈতিক পরিচয় কিংবা বিয়ের বিষয় বিবেচনার সুযোগ নেই। আইন অপরাধীকে অপরাধী হিসেবেই দেখবে। বিদেশি মদসহ গ্রেপ্তার যুবককে আদালতে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...