
বরিশাল সদর উপজেলার কর্ণকাঠিতে স্ত্রীকে বাবার বাড়িতে রেখে আসার পরদিন নিজ ঘর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় স্বামী রবিউলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল ৫টার দিকে কর্ণকাঠি চৌমাথা কোরতাল বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক রবিউল ইসলাম (৪১) ওই এলাকার নুরুল হকের ছেলে। পেশায় তিনি একজন রং মিস্ত্রি ছিলেন। তিনি দুই ছেলে ও এক কন্যার জনক।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তিনি নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি স্বজনদের।
নিহতের ছোট ভাই সিএনজিচালক মো. তানভীর জানান, তার ভাবি অসুস্থ। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঘটনার আগের দিন অর্থাৎ ২৪ তারিখ তাকে হাসপাতাল থেকে বাবার বাড়িতে রেখে আসেন রবিউল। পরদিন বুধবার বিকেল ৫টার দিকে ফাঁকা ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
তিনি বলেন, পরিবারে কোনো ঝামেলা নেই। কারোর সঙ্গে দ্বন্দ্ব হয়েছে বলেও শুনিনি। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়টি নিশ্চিত নন তারা।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) সনজীত চন্দ্র নাথ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে এর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, এই ঘটনায় আপাতত একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী আইনিব্যবস্থা গ্রহণ করা হবে।