• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

পুলিশের ধাওয়া খেয়ে মাইক্রোবাস পুকুরে, ভেসে উঠল ৯ বস্তা গাঁজা

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়া খেয়ে পুকুরে পড়ে গেছে ভারতীয় গাঁজাবাহী একটি মাইক্রোবাস। পরে ক্রেন দিয়ে পুকুর থেকে মাইক্রোবাসটি তোলার পর পানিতে ভাসমান অবস্থায় ৯ বস্তা গাঁজা জব্দ করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার করা মাইক্রোবাস ও গাঁজা কসবা থানায় নিয়ে গেছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার ভোরে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানার একটি দল উপপরিদর্শক (এসআই) শামিমের নেতৃত্বে সৈয়দাবাদ-নয়নপুর সড়কে অভিযান চালায়। এ সময় কালো রঙের একটি মাইক্রোবাস পুলিশের অভিযানের এলাকা অতিক্রম করার সময় সন্দেহ হলে সেটিকে থামার সংকেত দেওয়া হয়। তবে চালক গাড়ি না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন।

পুলিশ মাইক্রোবাসটিকে ধাওয়া করলে চালক কসবা-সৈয়দাবাদ সড়কের সঙ্গে সংযুক্ত আন্দিরপাড়-মনকাশাইর সড়কে ঢুকে পড়েন। পরে খিদিরপুর গ্রাম পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মাইক্রোবাসে থাকা চালক ও পাচারকারীরা সাঁতরে পালিয়ে যান। এ সময় গাড়িতে থাকা গাঁজার প্যাকেট পানিতে ভেসে ওঠে। পরে ক্রেন দিয়ে পুকুর থেকে মাইক্রোবাসটি তোলা হয়। এ সময় পানিতে ভাসমান অবস্থায় ৯ বস্তা ভারতীয় গাঁজা জব্দ করে পুলিশ।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, গাঁজা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালায়। মাইক্রোবাসটিকে থামার সংকেত দেওয়া হলেও চালক পুলিশের সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যান। পরে পুলিশ ধাওয়া করলে পালানোর সময় খিদিরপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি পুকুরে পড়ে যায়। পরে ক্রেন দিয়ে গাড়ি এবং গাড়িতে থাকা গাঁজা উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...