
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাসটি পুড়ে গেছে। এ ঘটনায় বাসটির মালিক আজাদকে আটক করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চন্দ্রা এলাকার কাজলী সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুনে বাসটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথেই আগুনে বাসটি পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বাসে আগুনের ঘটনার বিষয়টি নিশ্চিত করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বাসটির মালিককে আটক করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে সোমবার ভোরে চন্দ্রা এলাকায় একই পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।