• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, অভিযানে তার ও চার্জার জব্দ নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভেঙে কেটে দেওয়া হলো রগ চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আটক আল্ট্রাসনোগ্রামে যমজ সন্তান, অস্ত্রোপচারের পর এক সন্তান উধাও মোটরসাইকেলসহ সকল চালকদের জন্য নতুন নির্দেশনা মাদারীপু‌রে খাল থেকে ব্যবসায়ী যুবকের লাশ উদ্ধার মসজিদ কমিটি নিয়ে বিরোধ, হামলায় বিএনপি নেতার মৃত্যু বিয়ের ৮ বছর পর অবিবাহিত সেজে সেনাবাহিনীতে চাকরি নেন তরুণী আমাকেও নিয়ে যাও, আমি কেমনে থাকব!’ স্বামীকে হারিয়ে স্ত্রীর আহাজারি দেয়ালে ‘ফিরছি আবার ডিসেম্বর’, ছাত্রীদের দাবি ‘ইয়ার্কি’

জমি নিয়ে বিরোধ: বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশালের বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠী এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরিবারের সদস্যরা আহত হয়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগী মো. রাব্বি হাওলাদার। ঘটনার পর থেকে পরিবারটি বসতবাড়ি ছেড়ে থাকতে বাধ্য হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন রাব্বি হাওলাদার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠী মৌজায় ক্রয় ও পৈতৃক সূত্রে তার বাবা বাবুল হাওলাদার ও চাচা আবুল হাওলাদারের মোট ২৯ দশমিক ২৫ শতাংশ জমি রয়েছে। ওই জমির মধ্যে ১২ শতাংশ জমির মালিকানা দাবি করে একই এলাকার কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছেন। এ নিয়ে একাধিকবার সালিশ-মীমাংসা হলেও বিরোধের অবসান হয়নি বলে দাবি করেন তিনি।

রাব্বি হাওলাদারের অভিযোগ, গত ২০ অক্টোবর সকাল ৬টার দিকে বহিরাগত লোকজন নিয়ে বিবাদীরা তাদের বসতঘরে হামলা ও ভাঙচুর চালান। এ সময় বাধা দিতে গেলে তার বাবা-মা, চাচা-চাচি, ফুফা-ফুফু ও ফুফাতো ভাই আহত হন। পরে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং কাগজপত্র দেখে উভয় পক্ষকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেয় বলে তিনি জানান।

তার দাবি, ওই রাতেই আবারও তাদের তিনটি বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। প্রাণনাশের আশঙ্কায় পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যান। হামলা ও ভাঙচুরের ভিডিও ফুটেজ তাদের কাছে সংরক্ষিত রয়েছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তিনি।
রাব্বি আরও অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধের ঘটনায় তারা ন্যায়বিচার পাওয়ার পরিবর্তে বিভিন্ন মামলায় হয়রানির শিকার হচ্ছেন। একদিকে প্রতিপক্ষের হুমকি, অন্যদিকে পুলিশের হয়রানির আশঙ্কায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন তিনি।

লিখিত বক্তব্যে তিনি আরও জানান, জমি নিয়ে আদালতে দেওয়ানি মোকদ্দমা নং ৮৬/২০২৫ দায়ের করা হয়েছে। ওই মামলায় আদালত জমিতে স্থিতাবস্থার আদেশ দিয়েছেন বলে তার দাবি। কিন্তু সেই আদেশ অমান্য করে প্রতিপক্ষ জোরপূর্বক বসতঘর নির্মাণ করছে বলে অভিযোগ করেন তিনি। পরিবারের সদস্যরা মামলায় জামিনের জন্য আদালতে গেলে এই সুযোগে নির্মাণকাজ শুরু করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, বিবাদীদের একজন হেমায়েত হাওলাদার পুলিশ সদস্য হওয়ায় তারা স্থানীয় পুলিশের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাননি। বরং বিভিন্ন মামলায় জড়ানোর হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেন রাব্বি।

সংবাদ সম্মেলনে রাব্বি হাওলাদার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত, পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা, বসতভিটায় ফিরে যাওয়ার ব্যবস্থা এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...