
স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণের সময় এক দিন বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১ নভেম্বর (রোববার) পর্যন্ত এসব আবেদন দাখিল ও গ্রহণ করা যাবে।
বুধবার (২৮ অক্টোবর) ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন দাখিলের শেষ তারিখ আগে ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়েছিল। তবে ৩০ ও ৩১ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় আবেদনের সময় বাড়িয়ে পরবর্তী কর্মদিবস ১ নভেম্বর পর্যন্ত করা হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা এবং রেজিস্ট্রেশন কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি কার্যক্রমটি সার্বিকভাবে তদারকির জন্য আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের অনুরোধ জানানো হয়েছে।
ভোটার স্থানান্তরের আবেদনের সময়সীমা বাড়ানোর বিষয়টি ব্যাপকভাবে প্রচারের জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালককেও নির্দেশনার অনুলিপি দেওয়া হয়েছে।