
বরিশালের প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জীর পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নগরীর উত্তর মল্লিক রোডস্থ পুলক চ্যাটার্জীর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
এসময় সাংবাদিকদের জহির উদ্দিন স্বপন বলেন, ‘পুলকের সঙ্গে আমার অনেক আগে থেকেই সম্পর্ক ও পরিচয়। আমি খুবই মর্মাহত ও বেদনা এখনো কাটিয়ে উঠতে পারিনি। তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করার কারণে সাংবাদিক পেশা নিয়ে একটু ভেতরে ঢুকতে হয়েছে। সাংবাদিকপক্ষ ও মালিকপক্ষের স্বার্থ নিশ্চিত করে একটি ওয়েজবোর্ড বাস্তবায়ন করবো। মালিকপক্ষের সঙ্গে কথা বলেছি, সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে কথা বলেছি। কিছুটা কাজ এগিয়ে দিয়ে এসেছি।’
তিনি বলেন, ‘আমাদের কাজটার সঙ্গে এই মৃত্যুর সম্পর্ক রয়েছে। এই পেশা নিজেকে মর্যাদাবান করে। অন্যান্য পেশাতে নিজের ব্যক্তিগত স্বার্থই শুধু থাকে। কিন্তু সাংবাদিকতা পেশায় যারা জড়িত তারা বেতনের নিশ্চয়তা চায়, মর্যাদা চায়। আমি যদি সব কাজ করেও আসতে পারতাম, তাহলে ভবিষ্যতে এই পরিস্থিতিতে কাউকে পড়তে হতো না। আমি নীতিগতভাবে তিন পক্ষের নৈতিক সমর্থন তৈরি করে এসেছি।’
এসময় তিনি আরও বলেন, ‘পুলক আমাদের কাছে আর ফিরে আসবে না। শুধু প্রতিক্রিয়া ব্যক্ত করলেই হবে না, এটি ক্ষুদ্র অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা নয়, এটির শিকর অনেক দূরে। প্রধানমন্ত্রী গণমাধ্যমের ব্যাপারেও অনেক সচেতন। আমরা সবাই মিলে পুলকের পরিবারের দিকে খেয়াল রাখবো। পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটাকে দেখিয়ে দিয়ে গেছে।’
জহির উদ্দিন স্বপন পুলক চ্যাটার্জীর স্ত্রী প্রিয়াংকা চ্যাটার্জী ও কন্যা প্রকৃতি চ্যাটার্জীর সঙ্গে কথা বলেন এবং সার্বিক খোঁজখবর নেন।
এসময় জহির উদ্দিন স্বপনের সঙ্গে বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির, সাবেক সহ সম্পাদক আনোয়ারুল হক তারিণ, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।