
রংপুরের মিঠাপুকুরে শিরিনা আক্তার (১৯) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের শ্বশুর, শাশুড়ি ও ননদের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর তারা বাড়ির গরু-ছাগল নিয়ে পালিয়ে গেছেন বলে দাবি করেছেন এলাকাবাসী।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার রাণীপুকুর ইউনিয়নের দৌলত রসুলপুর (মিয়াপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিরিনা আক্তার ওই এলাকার রাফিউল ইসলামের স্ত্রী। প্রায় এক বছর আগে তাদের বিয়ে হয়েছিল।
স্থানীয়দের অভিযোগ, শুক্রবার দুপুরে শ্বশুর-শাশুড়ি ও ননদের সঙ্গে শিরিনার পারিবারিক বিরোধ ও ঝগড়া হয়। এর জেরে তাকে হত্যা করে ঘরের ভেতরে ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করছেন এলাকাবাসী। পরে অভিযুক্তরা বাড়ির গরু-ছাগল নিয়ে পালিয়ে যান বলেও দাবি তাদের।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘরের ভেতরে রক্তের দাগ এবং নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাই সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।