
ময়মনসিংহে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার চার ঘণ্টা আগে নাসা টাওয়ার নামে একটি বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে তিশা সরকার (১৮) নামে এক পরীক্ষার্থী।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৬টার দিকে নগরীর কাচিঝুলি মসজিদ রোড এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত তিশা সরকার নগরীর আলমগীর মনসুর মেমোরিয়াল মিন্টু কলেজ থেকে এ বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা মধ্যবাজার এলাকার উত্তম সরকার ও মনি সরকারের মেয়ে।
গত দুই বছর যাবত তিশা সরকার কাচিঝুলী মসজিদ রোডে ‘নাসা টাওয়ার’ ছাত্রী মেসে থেকে পড়াশোনা করছিলেন।
খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার কথা তিশার; কিন্তু সকাল ৬টার দিকে তিশা মেসের ৬ তলা ভবনের ছাদে উঠে নিচে লাফিয়ে পড়ে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।