
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় আবুল কালাম (৩৫) নামে এক পুলিশ কনস্টেবলের হাত-পা ভেঙে পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এসময় আবুল কালামের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আবুল কালামকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বেসরকারি হাসপাতাল ও পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়।
আবুল কালামের বাবা আব্দুল মালেক বলেন, দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে আবুল কালামের উপর হামলা চালায়। হামলাকারীরা আবুল কালামের ডান হাত ও বাম পা ভেঙে দেয়। আহত হয়ে আবুল কালাম মাটিতে লুটে পড়লে তার ডান পায়ের রগ কেটে দেয়।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, পুলিশ সদস্য আবুল কালাম তার গ্রামের বাড়িতে ছুটিতে এসে মাদক কারবারিদের হামলার শিকার হয়েছেন। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।