
সিলেটের সাদাপাথর পর্যটনকেন্দ্রে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া চিকিৎসক সুব্রত সাহা বিকাশের (৩৩) মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ধলাই নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় জেলেরা সেটি উদ্ধার করে কূলে নিয়ে আসেন।
পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে সাদাপাথরের জিরোপয়েন্ট এলাকায় ধলাই নদীর উৎসমুখে গোসল করতে নেমে পানির স্রোতে তলিয়ে নিখোঁজ হন সুব্রত সাহা বিকাশ।
তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার বাসিন্দা এবং মিহির লাল সাহার ছেলে। তিন বন্ধুর সঙ্গে ঢাকা থেকে সিলেট ভ্রমণে এসে এ দুর্ঘটনার শিকার হন।