• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

সাতক্ষীরায় মাছ চুরির সন্দেহে মারধরের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

সাতক্ষীরার তালায় মাছ চুরির সন্দেহে ক্ষিতেশ মণ্ডল (৫৫) নামের এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর আজ শুক্রবার দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে তালা সদর ইউনিয়নের জেয়ালা উত্তর বিলে একটি মাছের ঘেরের কাছে এ ঘটনা ঘটে।

নিহত ক্ষিতেশ মণ্ডল তালা উপজেলার জেয়ালা গ্রামের মৃত মনীন্দ্র মণ্ডলের ছেলে।

নিহত ক্ষিতেশের স্ত্রী সুলেখা মণ্ডলের অভিযোগ, তাঁর স্বামীকে ধরে নিয়ে মারধর করা হয়েছে। তাঁর মাথার একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ছাড়া তাঁর একটি পা ভেঙে দেওয়া হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর স্বামীর কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সুলেখা মণ্ডল জানান, আজ সকাল ৮টার দিকে তাঁর স্বামীকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

পরিবারের দাবি, জেয়ালা উত্তর বিলে বিশ্বনাথ ঘোষের মাছের ঘেরে চুরির সন্দেহে ক্ষিতেশ মণ্ডলকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরায় নেওয়ার প্রস্তুতিকালে তাঁর মৃত্যু হয়।

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সিরাজুল ইসলাম জানান, চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর শরীরে একাধিক আঘাতের ও মাথায় কোপের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে তালা থানার উপপরিদর্শক (এসআই) মহসিন আলী জানান, ঘটনার পর হাসপাতালে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছে পুলিশ। নিহত ক্ষিতেশের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...