
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।
আজ শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকুপি গ্রামে ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক অপু মাঝি স্থানীয় কটকস্থল গ্রামের ছালেক মাঝির ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে যাত্রী নিয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৩২৮৩) বরিশালের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাসটি সকাল ১০টার দিকে গৌরনদীর তাঁরাকুপি এলাকা বেপরোয়া গতিতে অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে (বরিশাল-ল-১১-৯৭২৫) চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে বাসের নিচে আটকে যায় এবং ঘটনাস্থলেই চালক অপু মাঝি (২৬) মারা যান।
গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুর ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।