
মেয়ের সুখের সংসার টিকিয়ে রাখতে পারিবারিক বিরোধ মীমাংসা করতে গিয়েছিলেন আব্দুর রহমান (৬৮)। কিন্তু মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে আর প্রাণ নিয়ে ফিরতে পারেননি তিনি। অভিযোগ, বিরোধের জেরে তাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১০টার দিকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গল্লাসাঙ্গন গ্রামের ছাতুরপাড়ে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা আরেঙ্গাবাদ গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গল্লাসাঙ্গন গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে কাতারপ্রবাসী মুন্না আহমদের সাথে আব্দুর রহমানের মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে গাছ বিক্রির টাকা ও জমিজমা নিয়ে মুন্নার ভাই ওমর ফারুকের সাথে পারিবারিক বিরোধ চলছিল।
এই বিরোধ মীমাংসা করতেই বৃহস্পতিবার রাতে মেয়ের শ্বশুরবাড়িতে যান আব্দুর রহমান। সেখানে আলোচনা চলাকালে একপর্যায়ে কথা কাটাকাটি হয়।
অভিযোগ, কথা কাটাকাটির জেরে ক্ষিপ্ত হয়ে ওমর ফারুক দা দিয়ে কুপিয়ে আব্দুর রহমানকে গুরুতর আহত করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে টাইমস টুডে কে বলেন, মরদেহের ময়নাতদন্ত ওসমানী মেডিকেলে সম্পন্ন হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্ত ওমর ফারুক পলাতক রয়েছে বলে জানা গেছে।