
পটুয়াখালীর লোহালিয়া নদীতে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ একটি কার্গো বোট জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দকৃত ২১ হাজার কেজি জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ অক্টোবর রাত দুইটার দিকে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী লোহালিয়া নদী সংলগ্ন পালপাড়া এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা ২১ হাজার কেজি জিরা উদ্ধার ও বোটটি আটক করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকেই আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, জব্দকৃত জিরা ও কার্গো বোটটির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। চোরাচালান বন্ধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।