• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
র‍্যাগিংয়ের অপরাধে বরিশাল বিশ্ববিদ্যালয়ের চার বিভাগের ৪৮ শিক্ষার্থীকে শাস্তি যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে নিখোঁজের ৬ দিন পর কক্সবাজার থেকে ২ কিশোরী উদ্ধার উজিরপুরে পুকুরে ডুবে শিশুর মুত্যু পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিক গ্রেপ্তার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গৌরনদীতে স্কুলশিক্ষার্থীকে মারধরের পর কানধরে ওঠবস, যুবদল নেতার কারাদন্ড সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল আর্থিক গোয়েন্দা ইউনিট বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, গ্রাহককে ফোন করে বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ উল্টো পথে এসে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুইজনের ৭ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা লাইটার জাহাজ

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের কুতুবদিয়া আলফা অ্যাঙ্করেজ এলাকায় দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় দুই জাহাজের মাঝখানে থাকা একটি ছোট লাইটার জাহাজও ক্ষতিগ্রস্ত হয়। তবে দ্রুত সরে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন লাইটার জাহাজের শ্রমিকরা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে বিষয়টি জানাজানি হয় বিকেলে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, মঙ্গলবার সকালে কুতুবদিয়া আলফা অ্যাঙ্করেজের দিকে যাচ্ছিল এমভি এইচজি সিডনি ও এমভি এপিজে শিরিন নামের দুটি বাল্ক ক্যারিয়ার। একপর্যায়ে জাহাজ দুটির মধ্যে সংঘর্ষ হয়। ঘটনার পরপরই দুই জাহাজের পক্ষ থেকে ভেসেল ট্রাফিক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (ভিটিএমআইএস) বিষয়টি জানানো হয়।

সংঘর্ষে এমভি এইচজি সিডনির বাম পাশের হালে বেশ কিছু ক্ষতি হয়েছে। দুর্ঘটনার পর দুই জাহাজকেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

বন্দর সূত্র জানায়, ইন্দোনেশিয়া থেকে আসা পানামার পতাকাবাহী এমভি এপিজে শিরিনে ৫৫ হাজার মেট্রিক টন কয়লা ছিল। অন্যদিকে এমভি এইচজি সিডনিতে ছিল ৫১ হাজার টন সয়াবিন বীজ।

ঘটনার সময় নোঙর তুলে গতিপথ পরিবর্তনের জন্য চলতে শুরু করে এমভি এইচজি সিডনি। একপর্যায়ে জাহাজটি এমভি এপিজে শিরিনের কাছাকাছি চলে আসে এবং সেটিকে ধাক্কা দেয়। এ সময় দুই জাহাজের মাঝখানে পড়ে যায় একটি ছোট লাইটার জাহাজ। কয়লা খালাসের জন্য সেটি এমভি এপিজে শিরিনের পাশে অবস্থান করছিল।

বন্দর সূত্রের ভাষ্য, সংঘর্ষের সময় এপিজে শিরিনের ধাক্কায় লাইটার জাহাজটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে দ্রুত সেটিকে সরিয়ে নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

ঘটনার সময় লাইটার জাহাজের এক শ্রমিক মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। ভিডিওতে দেখা যায়, বড় জাহাজটি লাইটার জাহাজের দিকে এগিয়ে আসার সময় শ্রমিকরা চিৎকার করে সতর্ক করার চেষ্টা করছেন। তাদের একজনকে বলতে শোনা যায়, ‘লাইটার শেষ, আল্লাহরে, ইন্নালিল্লাহি।’

ভিডিওটি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বড় ধরনের ক্ষয়ক্ষতি না হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন বন্দর কর্মকর্তা ও জাহাজগুলোর স্থানীয় এজেন্টের কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...