
মাত্র দুইদিনের ব্যবধানে বরিশাল নগরীতে পলিথিনে মোড়ানো আরও একটি মানব ভ্রূণ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে নগরীর ১ নম্বর সিঅ্যান্ডবি পোলের নিচ থেকে ভ্রূণটি উদ্ধার করা হয়।
তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন, কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম।
সূত্রমতে, এর আগে মঙ্গলবার দিবাগত রাতে নগরীর নতুন বাজার এলাকার সামাজিক বনবিভাগের সামনের ময়লার স্তুপ থেকে প্লাষ্টিকের বয়ামে ভরা দুটি ভ্রূণ উদ্ধার করেছিল পুলিশ।
কোতোয়ালি থানার ওসি বলেন, বৃহস্পতিবার বিকেলে জাতীয় জরুরি নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভ্রূণটি উদ্ধার করেছে।
ওসি আরও বলেন, বিভিন্ন ক্লিনিক্যাল বর্জ্যের সাথে ফেলে দেওয়া এই ভ্রূণটি কোনো গবেষণাগার বা শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষার কাজে ব্যবহৃত হয়েছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
পাশাপাশি কোনো রাসায়নিকের উপস্থিতি রয়েছে কিনা তাও ময়নাতদন্তের প্রতিবেদনে জানতে চাওয়া হয়েছে।
বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি (ওসি) উল্লেখ করেছেন।