
পিরোজপুরের মঠবাড়িয়ায় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আলমগীর হোসেন (৪৮) নামে এক ব্যক্তিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মেহেদী আল মাসুদ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আলমগীর হোসেন মঠবাড়িয়া উপজেলার কচুবাড়িয়া এলাকার বাসিন্দা।
মামলার সূত্রে জানা যায়, আলমগীর বিভিন্ন সময় ওই গৃহবধূকে উত্ত্যক্ত করতেন। এরই ধারাবাহিকতায় ২০২০ সালের ১ জানুয়ারি রাতে ওই নারীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে আত্মরক্ষার্থে ওই নারী ছুরি দিয়ে আলমগীরের যৌনাঙ্গে আঘাত করেন। এতে তার যৌনাঙ্গের একটি অংশ কেটে যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাটা অংশটি বিচ্ছিন্ন করা হয়।
ঘটনার পর ৭ জানুয়ারি ওই নারী বাদী হয়ে মঠবাড়িয়া থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন।
রায় ঘোষণার সময় আলমগীর হোসেন আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রহিমা আক্তার হাসি বলেন, ধর্ষণচেষ্টার মামলায় আলমগীর হোসেনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।