
সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনা বাবা ও ছেলে প্রাণে বেঁচে গেলেও নিহত হন মা ও অন্য দুই ছেলে-মেয়ে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ৩টার দিকে সৌদি আরবের রিয়াদ-মক্কা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নাজিমুদ্দিন মোল্লার মেয়ে তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার ছেলে তাসবিক (২০) ও মেয়ে জারা (১৫)। আহত হয়েছেন- রিনার স্বামী শফিকুল ইসলাম খোকন এবং বড় ছেলে নাবিল। শফিকুল ইসলামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব এলাকায়।
নিহত তানিয়া তাহমিনা রিনার মামাতো ভাই নাসিম আহমেদ কবীর বলেন, আমার ফুফাতো বোন, দুলাভাই এবং তাদের তিন ছেলে মেয়েসহ বৃহস্পতিবার সকালে ওমরাহ হজ্ব পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কা যাচ্ছিল। রিয়াদ থেকে রওনা হয়ে ৩০০ কিলোমিটার যাওয়ার পথে তাদের প্রাইভেট কারকে পেছন থেকে একটি বড় যানবাহন সজোরে ধাক্কা দেয়। সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন।