
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে গ্রীন লাইন ও বরিশাল এক্সপ্রেস নামের দুটি যাত্রীবাহী পরিবহনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন যাত্রী গুরুত্বর আহত হয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাউদের খালপাড় ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি পরিবহনের মুখোমুখি সংঘর্ষের পর বরিশাল এক্সপ্রেস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের দুটি বিদ্যুতের খুঁটি ভেঙে আলমগীর হোসেন ও রুবেল সরদারের বসতঘরের ওপর উল্টে পড়ে। এতে ঘর দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে চুরমার হয়ে যায়।
দুর্ঘটনার সময় বসতঘর দুটির সদস্যরা দ্রুত সরে যেতে সক্ষম হওয়ায় বড় ধরনের প্রাণহানির ঘটনা থেকে রক্ষা পেয়েছেন।
তবে বাসের অন্তত ১০ জন যাত্রী গুরুত্বর আহত হয়েছেন।
খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস, গৌরনদী মডেল থানা ও হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
ঘটনাস্থল পরিদর্শন করে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানার এসআই মো. জহুরুল ইসলাম।