লক্ষ্মীপুরের রামগঞ্জ স্মার্ট একাডেমির ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে শ্লীলতাহানির ঘটনায় ওমর হাসান হিমেল (৩২) নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) সকালে স্মার্ট একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাশেম লাভলু বাদী হয়ে রামগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে পুলিশ হিমেলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করেছেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ উদ্দিন চৌধুরী।
ওমর হাসান হিমেল রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের আসলাম খলিফা বাড়ির মৃত হাছান মিয়ার ছেলে। গত দুই বছর থেকে তিনি ওই প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন।
মামলার এজাহার ও শিশুটির অভিভাবক জানান, রোববার (১৫ নভেম্বর) স্কুল ছুটির পর বিকাল সাড়ে ৩টায় একাডেমি প্রাঙ্গণে শিশুটি অন্য সহপাঠীদের সঙ্গে ব্যাডমিন্টন খেলছিলো। এ সময় শিক্ষক ওমর হাসান হিমেল শিশুটিকে দোতলার একটি কক্ষে যাওয়ার জন্য ডেকে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন। পরে বাসায় ফিরে ওই শিশু মা-বাবাকে বিষয়টি অবগত করলে স্কুল কর্তৃপক্ষের সহায়তায় রাতেই অভিযুক্ত হিমেলকে আটক করে পুলিশ।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাশেম লাভলু জানান, আমরা আজ সকালে একাডেমির সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে শিক্ষক ওমর হাসান হিমেলের বিরুদ্ধে মামলা দায়ের করি। এছাড়া বিষয়টি নিয়ে আমাদের কর্তৃপক্ষ কঠোর অবস্থানে রয়েছে।
উপজেলা একাডেমিক সুপার ভাইজার শরীফুল্লাহ আস শামস জানান, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলেছি। শিশুটির বাবা মায়ের সঙ্গে কথা বলে বিষয়টি বিহিতের ব্যবস্থা নেওয়া হয়েছে।
রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান বলেন, একটা শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা ন্যক্কারজনক ও হতাশার। বিষয়টি জানার পর আমরা স্মার্ট একাডেমি প্রধানসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গেই কথা বলেছি। কোনোভাবেই বিষয়টি ছাড় দেয়ার সুযোগ নেই।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, আমরা ঘটনাটি জানতে পেরে রাতেই ওমর হাসান হিমেল নামের একজনকে আটক করি। সোমবার তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একাডেমি প্রধান মামলা দায়ের করলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করি।