মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার সভাপতি হাসিবুল ইসলামের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলাটি করেন।
এই ঘটনায় শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর স্ত্রীসহ শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্টে ওঠেন হাসিব আল ইসলাম। ১০ নভেম্বর দুপুরে চেকআউট করে অটোরিকশাযোগে রাধানগর সড়ক দিয়ে যাওয়ার সময় আসামি হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে ১৫ জনের একটি দল বেআইনিভাবে তাদের গতিরোধ করে।
এজাহারে উল্লেখ করা হয়, প্রধান আসামি হাবিবুর রহমান তার হাতে থাকা ধারালো চাপাতি দিয়ে হাসিবের মাথা লক্ষ্য করে কোপ বসালে তিনি বাম হাত দিয়ে তা প্রতিহত করেন, ফলে তার বাম হাতের কবজির নিচে গুরুতর ও রক্তাক্ত জখম হয়। এছাড়া অজ্ঞাত আসামিরা লাঠি ও রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাদের জখম করে। পরে স্থানীয়দের হস্তক্ষেপে তারা প্রাণে রক্ষা পান এবং পরবর্তীতে ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
এর আগে, মঙ্গলবার দুপুর শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে হাসিব আল ইসলামের ওপর দা নিয়ে হামলার ঘটনা ঘটে। এতে তার হাতে আঘাত লাগে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, এক যুবক হাসিব আল ইসলামকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে গালাগাল করছেন। একপর্যায়ে তিনি হাসিবের ওপর চড়াও হন। পরিস্থিতি বেগতিক দেখে হাসিব অটোরিকশা থেকে নেমে দৌড়ে সরে যান।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মামলার এজাহারে হাবিবুর রহমান নামে একজনের নাম উল্লেখ করা হয়েছে। সেই অনুযায়ী মূল হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। তাকে দ্রুত আইনের আওতায় আনতে অভিযান চলমান।’