মাদরাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৩ নভেম্বর) উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এই আদেশ দেন।
বয়স ও অসুস্থতার কারণ দেখিয়ে নুরুল ইসলাম নাহিদের আইনজীবী জামিনের আবেদন করলেও রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে বিচারক জামিন নামঞ্জুরের আদেশ দেন। আদালতে নুরুল ইসলাম নাহিদের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট সাথী শাহা।
মাদরাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় গত ১৯ নভেম্বর নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
কারাগারে পাঠানোর আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আর্থিক সহায়তা দিয়েছিলেন নাহিদ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকায় আন্দোলনে হামলার শিকার হন সাদিকুল ইসলাম। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তার মৃত্যু হয়। এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা হয়।