গাজীপুরের শ্রীপুরে রান্নার জন্য লাকড়ি আনতে গিয়ে বিষধর সাপের কামড়ে জুয়েনা আক্তার (৪২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (২৯ নভেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জুয়েনা আক্তার উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য ফখরুল ইসলাম বাচ্চুর স্ত্রী। তার তিন মেয়ে ও দুই মাস বয়সী এক ছেলে সন্তান রয়েছে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. বিজন কুমার মালাকার বলেন, হাসপাতালে ১২ -১৫ মিনিটের সময় জুয়েনা নামে একজন সাপে কামড়ের রোগী হাসপাতালে আনেন । আনার পরে দেখা গৃহবধূর কোনো প্রাণের স্পন্দন ছিল না। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। পরে তার স্বামী প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করে মরদেহ নিয়ে যান।