সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সরকারি হাঁস প্রজনন কেন্দ্র থেকে অবৈধভাবে পাচারের সময় হাঁসবাহী পিকআপ আটকের ঘটনায় আঞ্চলিক হাঁস প্রজনন খামারের দুই কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর।
শনিবার (২৮ নভেম্বর) অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) শাহজামান খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
সাময়িক বরখাস্ত হওয়া দুজন হলেন- হ্যাচারিসহ আঞ্চলিক হাঁস প্রজনন খামার, সিরাজগঞ্জের সিনিয়র সহকারী পরিচালক সায়লা শারমীন ও পোল্ট্রি ডেভেলপমেন্ট অফিসার শাকিলা পারভীন।
অফিস আদেশ সূত্রে জানা গেছে, ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে সরকারি চাকরি আইনে ২০১৮ ও সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন সময়ে তারা বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।
এর আগে গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সদর ইউনিয়নের শাহপুর এলাকায় অবস্থিত হাঁস প্রজনন কেন্দ্রের পাশ থেকে হাঁসবাহী একটি পিকআপ আটক করে স্থানীয়রা।