মাদারীপুরের শিবচর উপজেলায় নাশকতার সন্দেহে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দ্বিতীয়খণ্ড ইউনিয়ন শাখার সহসভাপতি শহিদ মাদবরকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার পাঁচ্চর বাসস্ট্যান্ড ও ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আশপাশে ঘোরাফেরা করার সময় সন্দেহ হলে শহিদকে আটক করা হয়। এ সময় সতর্কতামূলক বিভিন্ন স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা।
ছাত্রদলের নেতাকর্মীদের অভিযোগ, শহিদ মাদবরের মোবাইল ফোনে নাশকতাসংক্রান্ত বিভিন্ন ভিডিও ও ছবি পাওয়া গেছে। এছাড়া তার ব্যক্তিগত ফেসবুক পেজে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের ভিডিও প্রকাশ করা হয়েছে বলেও তারা দাবি করেন।
শিবচর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইদুর বেপারী বলেন, দ্বিতীয়খণ্ড ইউনিয়নের যুবলীগ নেতা শহিদ মাদবর নাশকতার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্নভাবে প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন বলে তাদের কাছে তথ্য ছিল। প্রায় দুই দিন ধরে তাকে পাঁচ্চর ও ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আশপাশে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে সন্দেহের ভিত্তিতে তাকে আটক করলে মোবাইল ফোনে বিভিন্ন আলামত পাওয়ার দাবি করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, বুধবার রাতে স্থানীয় নেতাকর্মীরা শহিদ মাদবরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। তার বিরুদ্ধে নাশকতার মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে মাদারীপুর কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।