প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৬, ৮:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৮, ২০২৬, ৬:১৭ পি.এম
শাহরুখ-অজয়কে ‘পান মশলা’ নিয়ে খোঁচা সানির, এরপরেই ভাইরাল নিজের পুরনো বিজ্ঞাপন

পান মশলার বিজ্ঞাপন নিয়ে অভিনেতা সানি দেওলের সাম্প্রতিক মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। তিনি সম্প্রতি জানিয়েছেন, নীতিগত কারণে কখনোই পান মশলার বিজ্ঞাপন করেননি এবং ভবিষ্যতেও করবেন না। তবে তাঁর এই বক্তব্যের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে সানির অভিনীত একটি পুরনো পান মশলার বিজ্ঞাপন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সানি বলেন, পান মশলার বিজ্ঞাপনের প্রস্তাব তিনি পেলেও তা গ্রহণ করেন না। যেসব পণ্যে তিনি বিশ্বাস করেন না, সেগুলোর প্রচার করতে তাঁর বিবেক সায় দেয় না বলেও জানান তিনি।
কিন্তু এই বক্তব্যের পর নেটিজেনরা খুঁজে বের করেন সানির পুরনো একটি বিজ্ঞাপন। সেখানে অভিনেতা রবি কিষাণের সঙ্গে সানিকে একটি পান মশলার ব্র্যান্ডের বিজ্ঞাপনে দেখা যায়। পুরনো সেই ভিডিও ফের ভাইরাল হতেই তাঁর বর্তমান বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
একই সময়ে পান মশলার পরোক্ষ প্রচারের অভিযোগে আইনি নোটিস পেয়েছেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ। মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা এফডিএ তাদের ভিমল এলাচির বিজ্ঞাপনে অংশ নেওয়ার বিষয়ে ব্যাখ্যা চেয়েছে। নিয়ন্ত্রক সংস্থার দাবি, এলাচির বিজ্ঞাপনটি নিষিদ্ধ পান মশলা ব্র্যান্ডের পরোক্ষ প্রচার হিসেবে কাজ করতে পারে।
এফডিএ তিন অভিনেতাকে নোটিস পাওয়ার ১৫ দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলেছে। পাশাপাশি বিজ্ঞাপনগুলো সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে নেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের প্রচারে অংশ না নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
এই বিতর্কের মধ্যেই সানি দেওলের পুরনো বিজ্ঞাপন সামনে আসায় নতুন করে আলোচনায় এসেছে তারকা শিল্পীদের পণ্যের প্রচার এবং এ ধরনের বিজ্ঞাপনে ব্যক্তিগত দায়বদ্ধতার প্রশ্ন।
Copyright © 2026 Boishakhi Bangla -বৈশাখী বাংলা. All rights reserved.