ভোলার লালমোহনে বাগানের সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে মো. আব্দুল জলিল নামে ছোট ভাই খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১১ নভেম্বর) সকালের দিকে উপজেলার লালমোহন ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চেয়ারম্যান বাজার সংলগ্ন মনু মিয়ার বাড়িতে এ ঘটনাটি ঘটে।
নিহত জলিল ওই এলাকার মনু মিয়ার ছেলে। অভিযুক্তের নাম আব্দুল সহিদ। তিনি নিহতের আপন বড় ভাই।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, সকালের দিকে তাদের নিজের বাগানের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে হাতাহাতির এক পর্যায়ে বড় ভাই সহিদ ছোট ভাই জলিলকে সুপারি গাছের সঙ্গে গলা টিপে ধরে। এতে শ্বাসরোধ হয়ে নিহত হন জলিল।
লালমোহন থানার ওসি নজরুল ইসলাম মজুমদার বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। বিষয়টি তদন্ত চলছে। এ ঘটনায় অভিযুক্ত সহিদকে আটক করা হয়েছে।