নেত্রকোনার পূর্বধলায় যুবদল নেতা আবু বকর রানাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার পর নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সাবেক সংসদ সদস্য এবং উপজেলার বিভিন্ন এলাকার আওয়ামী লীগ নেতাদের বাড়িসহ অন্তত চারটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের পুটিকা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর উপজেলার বড়রুহী এলাকায় যুবলীগ নেতা রফিকুল ইসলামের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের ধলা যাত্রাবাড়ী গ্রামের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়।
এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত আমানুর রশীদ খান জুয়েলের বাড়িসহ অন্তত চারটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঠোফোনে বলেন, ‘যুবদল নেতার ওপর অতর্কিত হামলার কারণে এ ঘটনাগুলো ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।’
আহত আবু বকর রানাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।