ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রীশ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরের পেছনের গ্রিল কেটে ছয়টি মূর্তি, স্বর্ণ ও রুপার অলংকার এবং প্রণামী বাক্সের টাকা চুরি করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১২ অক্টোবর) সকালে মন্দিরের পুরোহিত পূজা দিতে এসে চুরির বিষয়টি দেখতে পান।
ধারণা করা হচ্ছে, রবিবার (১১ অক্টোবর) রাত ৯টার পর থেকে সোমবার সকাল পর্যন্ত কোনো একসময় এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মন্দির-সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
মন্দির-সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলে জানা গেছে, রাতে মন্দিরের পেছনের দিকের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে চোরেরা। পরে তারা স্বর্ণ ও রুপার অলংকারসহ পিতল ও অন্যান্য ধাতু দিয়ে তৈরি ছয়টি মূর্তি নিয়ে যায়। এ ছাড়া ভক্তদের দেওয়া প্রণামীর টাকাও চুরি করে তারা। মন্দির পরিচালনা কমিটির দাবি, প্রণামী বাক্সে প্রায় ছয় মাসের টাকা জমা ছিল।
মন্দিরের পুরোহিত বিমল চক্রবর্তী জানান, সোমবার সকালে পূজা দিতে এসে তিনি মন্দিরের ভেতরে চুরির বিষয়টি দেখতে পান। পরে মন্দির পরিচালনা কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।
শ্রীশ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি দীপক কুমার ঘোষ জানান, সকালে চুরির খবর পেয়ে তারা মন্দিরে গিয়ে বিষয়টি নিশ্চিত হন। মন্দিরের পেছনের দিকের গ্রিল কেটে চোরেরা ভেতরে প্রবেশ করেছে। ওই পাশের সিসিটিভি ক্যামেরাটি মেরামতের কাজের জন্য খোলা ছিল।
তবে মন্দির থেকে চুরি হওয়া স্বর্ণ ও রুপার অলংকারের পরিমাণ এবং প্রণামী বাক্সে থাকা টাকার সঠিক হিসাব তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আলী রেজা মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কীভাবে চুরির ঘটনা ঘটেছে, তা উদ্ঘাটনের চেষ্টা চলছে।