পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বসতঘরের নিকটবর্তী একটি সুপারি বাগান থেকে জাকির আকন (৫৮) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার বেতমোর গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের ওই সুপারি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। দুই মেয়ে ও এক ছেলের জনক নিহত জাকির আকন ওই গ্রামেরই মৃত ওয়াহেদ আকনের ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে স্থানীয় লোকজন বেতমোর গ্রামের একটি সুপারি বাগানে গাছের নিচে জাকির আকনের মরদেহ পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানানো হয়। নিহত কৃষকের বাড়ি থেকে ঘটনাস্থলের দূরত্ব মাত্র ১০০ থেকে ১২৫ গজ দূরে বলে জানা গেছে। স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছে রাতে হয়তো সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মনে।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসলে মৃত্যুর আসল কারণ পরিষ্কার হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।