পাবনার সাঁথিয়ায় তালাকপ্রাপ্তা ভাগ্নিকে ধর্ষণ এবং ঘটনা প্রকাশ করলে গলা কেটে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ছানোয়ার প্রামাণিক (৪০) নামে ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ছানোয়ার সাঁথিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সৈয়দপুর গ্রামের ঝোমড় প্রামাণিকের ছেলে। ভুক্তভোগী মোরছালিনা (১৯) একই গ্রামের রতনা বেগমের (৪৪) মেয়ে।
অভিযোগ অনুযায়ী, গত ৮ আগস্ট মোরছালিনা ছাগল রাখতে বাড়ির বাইরে গেলে তাকে জোর করে পাটখেতে নিয়ে ধর্ষণ করেন ছানোয়ার। এ ঘটনা কাউকে জানালে গলা কেটে হত্যার হুমকিও দেন তিনি।
পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে গত ৪ নভেম্বর মোরছালিনার মা রতনা বেগম সাঁথিয়া থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে ছানোয়ারকে গ্রেফতার করে।
ভুক্তভোগীর মা রতনা বেগম বলেন, ছানোয়ার তার আপন চাচাতো ভাই। অথচ তিনি তার মেয়ের সঙ্গে এমন অপরাধ করেছেন। তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ধর্ষণের শিকার তরুণীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা চলমান রয়েছে।