বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মধুমতি ব্রিজ এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় ব্রিজ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের মধুমতি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আহত রুমান মোল্লা মোল্লাহাট উপজেলার গাড়ফা গ্রামের মিলু মিয়া মোল্লার ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর থেকেই মধুমতি ব্রিজ এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলা থেকে মশাল হাতে আওয়ামী লীগের একদল নেতাকর্মী মিছিল নিয়ে মধুমতি ব্রিজে পৌঁছালে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ব্রিজে আগে থেকে অবস্থান নেওয়া বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা মিছিলকারীদের ধাওয়া দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ব্রিজ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে মোতায়েন থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হন। সংঘর্ষ থামাতে পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে গোপালগঞ্জ থেকে আসা আওয়ামী লীগের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পিছু হটেন।
ঘটনার পর বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে মধুমতি ব্রিজ ও আশপাশের এলাকায় রাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।