স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা আইন প্রণয়নসহ ৬ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। সোমবার (৮ জুন) দুপুর ১২টায় শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দাবিতে মানববন্ধন করেন তারা।
আন্দোলনকারীরা জানায়, নতুন পে স্কেলের সঙ্গে মিল রেখে ইন্টার্ন চিকিৎসকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকায় উন্নীত করতে হবে। পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা আইন প্রণয়ন, বিএমইউ, বিসিপিএস পরীক্ষার ফি কমিয়ে ১ হাজার টাকার মধ্যে আনতে হবে, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত চিকিৎসকদের জন্য সুস্পষ্ট বেতন কাঠামো প্রণয়ন করা সহ ৬ দফা দাবি জানান তারা।
এসব দাবি দ্রুত মেনে নেয়া না হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা ইন্টার্ন চিকিৎসকদের। তবে আন্দোলনের কারণে এখনো খুব একটা প্রভাব পড়েনি চিকিৎসা সেবায়। তবে আন্দোলন দীর্ঘস্থায়ী হলে প্রভাব পরার আশঙ্কা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ইন্টার্ন চিকিৎসকরা জানান, দাবি আদায়ে টানা কয়েকদিন ধরে নানা কর্মসূচি পালন করে আসলেও এখনও সরকারের পক্ষ থেকে দাবি বাস্তবায়নে আশানুরূপ সাড়া পাচ্ছি না। তাই কর্মবিরতি অব্যাহত রয়েছে। দ্রুত দাবি মেনে নেয়া না হলে শাটডাউনের মতো কর্মসূচি পালন করতে বাধ্য হব আমরা।