জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল নগরীতে বিএনপির দলীয় সমাবেশ চলাকালীন অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আতিকুল ইসলাম রাব্বি নামের যুবদলের এক সাবেক নেতা রক্তাক্ত জখম হয়েছেন। প্রতিপক্ষের কয়েকজনের বিরুদ্ধে তাকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) সকালে নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশ চলাকালীন সময়ে। আহত আতিকুল ইসলাম রাব্বি বরিশাল মহানগরীর ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য। তিনি বরিশাল-৫ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ারের অনুসারী।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ চলাকালীন মঞ্চের কাছাকাছি অবস্থান করছিলেন রাব্বি। এ সময় হঠাৎ করে নিজদলের কয়েকজন ব্যক্তি তার ওপর চড়াও হন। একপর্যায়ে তাকে মারধর করে রক্তাক্ত করা হয়।
আতিকুল ইসলাম রাব্বি অভিযোগ করে বলেন, হামলাকারীদের মধ্যে সোবাহান নামে একজন ছিলেন। তারা বরিশাল মহানগর বিএনপির একজন নেতার অনুসারী হিসেবে সেখানে উপস্থিত হয়েছিলেন। ঘটনার পেছনে পুরোনো বিরোধের কথা উল্লেখ করে রাব্বি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলে অভিযুক্ত ব্যক্তিরা টুটুলের অনুসারী ছিলেন। সে সময় এলাকায় চাঁদাবাজির সঙ্গে তারা জড়িত ছিলেন।
তার (রাব্বি) দাবি, ওইসময় হামলাকারীরা তার দোকানে চাঁদা দাবি করেছিলেন। কিন্তু তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এনিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পুরোনো সেই বিরোধের জেরধরেই সমাবেশের মধ্যে তার ওপর হামলা চালানো হয়েছে।
এ ব্যাপারে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, ঘটনার সময় আমরা মঞ্চে অবস্থান করছিলাম। বিষয়টিকে তিনি অনাকাঙ্ক্ষিত ঘটনা ও ভুল বোঝাবুঝি হিসেবে উল্লেখ করে বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এমন অপ্রীতিকর ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে।