সড়ক নির্মাণকাজ নির্বিঘ্নে চালাতে দিতে হবে ৩ লাখ টাকা চাঁদা। চাহিদা অনুযায়ী টাকা না পেয়ে ঠিকাদারকে মারধর করাসহ তার মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে বরিশালের বাবুগঞ্জে এক বিএনপি নেতার বিরুদ্ধে। আলোচিত এই ঘটনায় ওই নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর পুলিশ। উদ্ধার করা হয়েছে ঠিকাদারের মোটরসাইকেলটিও।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুব মোল্লা (৪৫), তার ছেলে মো. মুবিন মোল্লা (২২) এবং সহযোগী মো. সাকিব হাওলাদার (৩৫)।
মামলার এজাহার অনুযায়ী, বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের বাইপাস-হাদিবাসকাঠী সড়কের ২ হাজার ৬০০ মিটার পিচঢালাই কাজের সাব-ঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করছেন মো. রুস্তম হাওলাদার।
শনিবার রাতে বাদলা প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মাঠে যাওয়ার পথে অভিযুক্তরা তার নির্মাণকাজে বাধা দেন। এবং এ সময় কাজ চালিয়ে যেতে হলে ৩ লাখ টাকা দিতে হবে বলে দাবি করা হয়। রুস্তম হাওলাদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে গালাগাল ও হুমকি দেওয়া হয়। একপর্যায়ে তাকে মারধর করা হয়, তার ছেলেসহ সঙ্গে থাকা অন্যদেরও মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে। এজাহারে বলা হয়, পরে রুস্তম হাওলাদারের প্রায় ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের একটি ডিসকভার মোটরসাইকেল নিয়ে যান অভিযুক্তরা।
ভুক্তভোগী ঠিকাদার রুস্তম হাওলাদারের অভিযোগ, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। সেই টাকা দিতে না পারায় তাকে মারধর করে মোটরসাইকেল নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় রোববার মাহবুব মোল্লাসহ চারজনের নাম উল্লেখ করে বিমানবন্দর থানায় লিখিত অভিযোগ দেন তিনি। পরে সেটি মামলা হিসেবে নথিভুক্ত হয়।
মোটরসাইকেল নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে মাহবুব মোল্লা বলছেন, রুস্তম হাওলাদারের কাছে তার ২ লাখ টাকা পাওনা রয়েছে। সড়কটির নির্মাণকাজে তিনিও অংশীদার ছিলেন। পাওনা টাকা দিতে রাজি না হওয়ায় মোটরসাইকেলটি নিজের কাছে রেখেছিলেন। বিএনপির জ্যেষ্ঠ নেতারা বসে বিষয়টি মীমাংসা করে দেবেন বলেও জানিয়েছিলেন তিনি।
বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, চাঁদার টাকা না পেয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার ঘটনায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে মোটরসাইকেলটিও। তদন্তসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এই মামলাটির তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সানোয়ার জানান, গ্রেফতার তিনজনকে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।