বরগুনার আমতলীতে ঝটিকা মিছিল থেকে তিনটি ককটেল বিস্ফোরণ ও একটি বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ মিছিল করেছেন বলে অভিযোগ।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার শাখারিয়া বাজার-সংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এ ঘটনা ঘটে।
এ ছাড়া একই রাতে বরগুনা মাছবাজার এলাকায় ককটেল বিস্ফোরণ এবং শহরের চরকলোনি এলাকায় আওয়ামী লীগ নেতা মশিউর রহমান সিহাবের বাড়ি ও স্টেডিয়াম সড়কে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার দুজনের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার রাতে আমতলীর শাখারিয়া এলাকায় বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝটিকা মিছিল করেন নিষিদ্ধ ছাত্রলীগের আমতলী উপজেলা শাখার নেতাকর্মীরা। একপর্যায়ে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাস ভাঙচুর করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।