ঝিনাইদহ সদর উপজেলায় ভাবির সঙ্গে ঝগড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের কোদালের আঘাতে সোহান মণ্ডল (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সাগান্না ইউনিয়নের বকশি-চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত বড় ভাই সুমন মণ্ডল (৩০) পলাতক রয়েছেন।
নিহত সোহান মণ্ডল ওই গ্রামের ইজাল মণ্ডলের ছেলে। অভিযুক্ত সুমন মণ্ডল তার আপন বড় ভাই।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে বিকেলে সুমন মণ্ডলের সঙ্গে সোহানের স্ত্রীর ঝগড়া হয়। এ ঘটনার জের ধরে পরে ছোট ভাই সোহানের সঙ্গে বড় ভাই সুমনের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সুমন পাশে থাকা কোদাল দিয়ে সোহানের মাথায় আঘাত করেন বলে অভিযোগ উঠেছে।
সোহানের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে সুমন পালিয়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সোহানকে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
অভিযুক্ত সুমন মণ্ডলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।