ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কপিল মন্ডল (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবনাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কপিল মন্ডল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাঘারদিয়া গ্রামের কালিপদ মন্ডলের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেলটি ভাঙ্গা থেকে মুকসুদপুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে বিপরীত দিক থেকে ভাঙ্গার দিকে আসছিল অজ্ঞাতপরিচয় একটি বাস। বাবনাতলা এলাকায় চাপা ব্রিজের কাছে পৌঁছালে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী কপিল মন্ডল ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলটি উদ্ধার করে। পরে নিহতের মরদেহ ভাঙ্গা হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মোহাম্মদ শামীম জানান, অজ্ঞাতপরিচয় একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই আরোহীর মৃত্যু হয়েছে। বাসটি শনাক্তের চেষ্টা চলছে।