প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৮, ২০২৬, ৫:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ১:২৩ এ.এম
প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে স্কুলছাত্রের মৃত্যু
সাতক্ষীরার শ্যামনগরে দুর্গা প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে চার দিন পর দীপুরাজ হাউলি (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১১টার দিকে তার মৃত্যু হলেও বিষয়টি পুলিশকে জানানো হয়নি। এ প্রসঙ্গে শ্যামনগর থানার ওসি শফিকুল ইসলাম পাটোয়ারী বলেন, বিষয়টি পুলিশকে আগে জানানো হয়নি। খবর পাওয়ার পর খোঁজখবর নেওয়া হচ্ছে।
দীপুরাজ শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের আড়পাঙাশিয়া গ্রামের গৌতম হাউলির ছেলে। সে আড়পাঙাশিয়া প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশীষ জোয়ারদার জানান, খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে ট্রলারে বন্ধুদের সঙ্গে মদপান করে দীপুরাজ। বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাকির হোসেন জানান, অতিরিক্ত অ্যালকোহল জাতীয় দ্রব্য পানের ফলে সে ক্রমাগত বমি করছিল। তার অবস্থা আশঙ্কাজনক ছিল।
Copyright © 2026 Boishakhi Bangla -বৈশাখী বাংলা. All rights reserved.