রংপুরের কাউনিয়ায় একটি পূজামণ্ডপের আলোকসজ্জা ও বৈদ্যুতিক সরঞ্জাম খোলার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাকিল উদ্দিন (১৯) নামের এক ডেকোরেটর শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজীব গ্রামের চৈতার মোড় দিঘলটারী দুর্গা পূজামণ্ডপে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল মধুপুর ইউনিয়নের মন্ডলটারী গ্রামের মোঃ জাহিদুল ইসলাম ও সাজেদা বেগম দম্পতির ছেলে। তিনি টেপামধুপুর বাজারের ‘মাহিন সাউন্ড অ্যান্ড ডেকোরেটর’-এ কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গা পূজা শেষে উক্ত পূজামণ্ডপের প্যান্ডেল ও আলোকসজ্জার সরঞ্জাম খুলতে সকালে কাজ শুরু করেন ডেকোরেটর শ্রমিক শাকিল। জেনারেটর থেকে বিদ্যুতের লাইন ও লাইটিং সরঞ্জাম খোলার সময় অসাবধানতাবশত জেনারেটরে স্পর্শ লাগলে তিনি আকস্মিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
এ সময় স্থানীয় লোকজন ও মণ্ডপে দায়িত্বরত আনসার সদস্যরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ পূজামণ্ডপ ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।